লক্ষ্মীপুরে এক নলা বন্দুক ও মাদকসহ যুবদল নেতা ফরিদকে আটক করছে সেনাবাহিনী সোমবার (১১ আগস্ট) রাত ১ টার দিকে সদর উপজেলার পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে একই ইউনিয়নের মালয়েশিয়া প্রবাসী নাঈমের মৎস্য খামারে অভিযান চালায় তারা।এই সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নাঈম ও তার অনুসারীরা। পরে খামার থেকেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় একনলা একটি বন্দুক, মদ, ইয়াবা, নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হোক।