টানা ভারী বর্ষণ ও ভারী যান চলাচলের কারণে ফেনীর সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কে পানি নিস্কাশনের ব্যবস্থা (নালা) না থাকায় পানি জমে সড়কে একটু পরপর খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পানি জমে সড়ক ভেঙে গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়ে পৌরবাসী। শহরের জিরোপয়েন্ট, বাসষ্ট্যান্ড, কলেজ রোড়ের মুখে, কাশ্মীর বাজার সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকায় লোকজনকে ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি। এটি পৌর শহরের নিত্য দিনের চিত্র বললেই চলে। পৌর শহর ছাড়াও সোনাগাজী- সাহেবেরঘাট সড়কসহ উপজেলার অন্যান্য সড়কেরও বেহাল অবস্থা।
স্থানীয়রা জানায়, সোনাগাজী মডেল থানার সামনে থেকে শহরের পশ্চিম বাজার পর্যন্ত সড়কটিতে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া বাসষ্ট্যান্ড এলাকায়ও একই অবস্থা দেখা গেছে। অল্প বৃষ্টিতে সড়কের অনেক জায়গায় পানি জমে পিচ উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সোনাগাজী- সাইয়েদপুর সড়কেও বালু বাহী ভারী যান চলাচলের কারণে একটু পর পর সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের দৃশ্য দেখে মনে হবে দেখার কেউ নেই।
গত শনিবার দুপুরে পৌর শহরের প্রধান সড়কসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতে পৌর শহরের, জিরোপয়েন্ট-কলেজ রোডের সামনে পর্যন্ত, রজনীগন্ধা গার্মেন্টস থেকে সোনাগাজী মাদ্রাসা পর্যন্ত এবং ডাকবাংলো, তাকিয়া রোড, কাশ্মীর বাজার সড়ক ও বাসষ্ট্যান্ড এলাকায় কাদাপানিতে সয়লাভ। সড়কের এক পাশে নালা থাকলেও সেটি ময়লা আর্বজনায় ভরে গেছে। অপর পাশে নালা (ড্রেন) না থাকায় পানি সরতে পারছে না। সড়কে ও গর্তগুলোতে পানি জমে রয়েছে। এতে জনসাধারণসহ স্কুল-কলেজেল শিক্ষার্থী ও শহরগামী মানুষদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে।
শহরের জিরো পয়েন্ট এলাকার ব্যবসায়ী কাউছার আলম বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে যায়। তখন দোকানে বেচাবিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের সময় কাদা ও ময়লাযুক্ত পানি দোকানে প্রবেশ করে মালামাল নষ্ট হয়ে যায়। সোনাগাজী আঞ্চলিক সড়করক্ষা আন্দোলনের সভাপতি আবদুর রহমান বলেন, প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় সোনাগাজীতে বর্তমানে রাজনীতির আড়ালে বালু ও ভূমি দস্যুদের রামরাজত্ব চলছে। বিশেষ করে বৃষ্টি আর বালুবাহী ভারী যান চলাচলের কারণে পৌর শহরের প্রধান সড়ক ও সোনাগাজী- সাইয়েদপুর আঞ্চলিক সড়কসহ উপজেলার মোটামুটি সব কয়টি সড়কের বেহাল অবস্থা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সোনাগাজী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, পৌর শহরের প্রধান সড়কে বৃষ্টির পানি জমে গর্তের কারণে বেহাল হয়ে আছে। বর্ষার মৌসুম ছাড়া অন্য সময়ও বৃষ্টি হলে তাঁদেরকে বিদ্যালয়ে আসতে দুর্ভোগ পোহাতে হয়।
ইসলামী আন্দোলনের উপজেলার সম্পাদক মো. হিজবুল্লাহ বলেন, গত বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে দিনের বেলায় পৌর শহরে বালুসহ অন্যান্য ভারী যান চলাচল বন্ধ থাকবে। কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি। সড়ক রক্ষায় তিনি সিদ্ধান্ত মোতাবেক কার্যক্রম ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সড়ক ও জনপদ বিভাগ সূত্র জানায়, গত অর্থবছরে ফেনী-সোনাগাজী ২০ কিলোমিটার সড়কের ক্ষতিগ্রস্থ কিছু অংশ সংস্কার কাজ করা হয়। একই সঙ্গে কোম্পানীগঞ্জ-সোনাগাজী-মুহুরী প্রকল্প সড়কটিও সংস্কার করা হয়েছে। সড়কগুলো পৌর শহরের উপর দিয়ে গেলেও পৌর শহর এলাকায় সড়কে কোন সমস্যার সৃষ্টি হলে তা পৌরকর্তৃপক্ষ তাঁদের সঙ্গে কথা বলে তাঁরা সংস্কারের উদ্যোগ নেন। এছাড়া শহর এলাকায় জনগণনের সুবিধার্থে এবং পানি নিস্কাশনের জন্য পৌরসভার পক্ষ থেকে নালা (ড্রেন) নির্মান করা হয়ে থাকে। সোনাগাজী পৌর শহরের প্রধান সড়কসহ অন্যান্য সড়কের সমস্যার বিষয়ে তাঁরা অবগত আছেন। বর্ষার পর সড়কগুলো সংস্কার করা হবে।
উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মনির হোসেন খান বলেন, বর্তমানে উপজেলার প্রায় সড়কের অবস্থা খুবই খারাপ। অনেক সড়কে চলাচল করাও মুসকিল। এলজিইডির পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোনাগাজী পৌরসভার প্রশাসক ও ইউএনও রিগ্যান চাকমা বলেন, পৌর শহর এলাকায় সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য ফেনী সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করেছেন। পৌরবাসীর দুর্ভোগকে দুর করার জন্য পৌরসভার পক্ষ থেকে সড়কের গর্ত ভরাট করে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন। সওজের সঙ্গে যোগাযোগ করে অচিরেই পৌর শহরের নালা নির্মাণের উদ্যোগ গ্রহণ করে পানি নিস্কাশনের ব্যবস্থা করবেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
