× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

১২ ফুট লম্বা বেগুনগাছ দেখতে ভিড়

মীর খায়রুল আলম, সাতক্ষীরা

০৭ অক্টোবর ২০২৫, ১৩:৫৮ পিএম

এক বেগুনগাছকে ঘিরে তৈরী হয়েছে রহস্য। আর এই গাছ দেখতে ভীড় করছে বিভিন্ন এলাকার মানুষ। ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে ঘটে। একটি বেগুনগাছ বেড়ে উঠেছে প্রায় ১২ ফুট লম্বা। শুধু তাই নয়, গাছটিতে ঝুলছে ২০ থেকে ২৫টি বেগুন। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা আর সরেজমিনে গাছটি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত কৌতূহলী মানুষ।

মাঝিয়াড়া গ্রামে গিয়ে দেখা গেছে, স্থানীয় মুদি দোকানদার জয়নুদ্দীন সরদারের দোকানের সামনে দাঁড়িয়ে আছে অস্বাভাবিক লম্বা বেগুনগাছটি। প্রায় ১৪ মাস আগে তিনি স্থানীয়ভাবে পরিচিত ‘শয়লা’ জাতের একটি চারা রোপণ করেছিলেন। নিয়মিত যত্নে গাছটি ধীরে ধীরে বেড়ে এখন দাঁড়িয়েছে প্রায় ১২ ফুট উঁচু হয়ে। গাছে এখন ঝুলছে ২০-২৫টি বেগুন। উচ্চতার কারণে বেগুন তুলতেও ব্যবহার করতে হচ্ছে লম্বা বাঁশ।

জয়নুদ্দীন সরদার বলেন, ‘প্রায় ১৪ মাস আগে গাছটা লাগিয়েছিলাম। ভাবিনি এত লম্বা হবে। এখন পর্যন্ত ৪-৫ কেজি বেগুন তুলেছি। খেতে খুব সুস্বাদু।’ 

স্থানীয় বাসিন্দা শিমুল গাজী বলেন, ‘এত লম্বা বেগুনগাছ আমি জীবনে দেখিনি। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আসে দেখতে। এখন এটা আমাদের গ্রামের অন্যতম আকর্ষণ।’

এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। এটি স্থানীয় “শয়লা” জাতের বেগুন। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে গাছটি স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে উঠেছে।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.