চাঁদপুরের ফরিদগঞ্জে পরিত্যক্ত কৃষি জমির পানিতে ভাসমান অবস্থায় সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার (৮ অক্টোবর ) সন্ধ্যায় থানা পুলিশ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের তালুকদার বাড়ির বাগানের পাশের জমি থেকে লাশ উদ্ধার করে।
সুজন এ গ্রামের মৃত খোকন দেবনাথের একমাত্র ছেলে । স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ জানান, কৃষি জমিতে যুবকের মৃত দেহ পড়ে আছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। মৃত্যুর কারণ সর্ম্পকে নিশ্চিত হওয়া যায়নি।
সুজনের মা অঞ্জলী দেবনাথ জানান, সকালের কাজ শেষে দুপুরে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে সংবাদ পাই তার দেহ তালুকদার বাড়ির পাশের বাগানের পাশে তার লাশ পড়ে আছে। সুজনের সাথে কাজ করা বাচ্চু (৫৫) জানান, সকালে তারা একসাথে গাছ কাটার কাজ করেছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, মানিকরাজ গ্রামের পরিত্যক্ত একটি কৃষি জমির পানিতে লাশ পড়ে আছে সংবাদ পেয়ে, সেখান থেকে সন্ধ্যায় লরাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ সর্ম্পকে এখনো নিশ্চিত নই। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।