গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহরে বিএনপি'র দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপি'র সভাপতি জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল।
সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, তাঁর নেতৃত্বে ধানের শীষের সমর্থনে একটি মিছিল কোচাশহর বাজার প্রদক্ষিণ করছিল। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে রাজনৈতিক বিরোধের জের ধরে জহুরুল ইসলামের লোকজন বাধা দেয়। এ ঘটনায় বিবাদমান দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, ধানের শীষের সমর্থনের নামে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা এ উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মিছিলে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।