× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নজরুল ইসলামের নির্বাচনী জনসভা: হাজারো মানুষের ঢল

সোহেল রিয়ান,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৮ পিএম

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেছেন, ভোট দিয়ে কেউ জান্নাতে যেতে পারে না। জান্নাতে যেতে হলে রাসুল (সা.)-এর দেখানো পথে কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ঈমান ও আমল ঠিক রেখে কবরে যেতে হলেও জান্নাত নিশ্চিত নয়।



শুক্রবার সন্ধ্যায় বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে এবং ধর্মকে ভোটের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এ ধরনের রাজনীতি মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করছে।


নজরুল ইসলাম আরও মোল্লা বলেন, ২০০১ সালের উপনির্বাচনের পর বিএনপি সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উদ্যোগে অবহেলিত তালতলীতে ব্যাপক উন্নয়ন হয়েছিল। আমতলী–তালতলী সড়ক, তালতলীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সুবিধা সেই সময়েই বাস্তবায়িত হয়। সাবেক বিএনপি এমপি মরহুম মতিউর রহমান তালুকদারের হাত ধরেই তালতলী উন্নয়নের সুফল পেয়েছিল।

বর্তমান সময়ের চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, গত একুশ বছরে তালতলীতে দৃশ্যমান কোনো বড় উন্নয়ন হয়নি। মানুষ আজও মৌলিক সেবা থেকে বঞ্চিত রয়েছে।


বিএনপি ক্ষমতায় এলে তালতলীকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে তালতলীতে রাস্তাঘাট উন্নয়ন করা হবে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করা হবে এবং ম্যাজিস্ট্রেট কোড চালু করা হবে। ইনশাআল্লাহ এসব কাজ বিএনপিই বাস্তবায়ন করবে।


তিনি আরও বলেন, সরকারি দলের একজন এমপি পাঁচ বছরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করতে পারে, কিন্তু বিরোধী দলের এমপির পক্ষে পাঁচ লাখ টাকার কাজ করাও সম্ভব হয় না। প্রকৃত উন্নয়ন চাইলে ধানের শীষের পক্ষেই থাকতে হবে।


আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ তারিখ সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং ধানের শীষে ভোট দেবেন। পাশাপাশি সাধারণ মানুষের কাছেও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। সাবেক এমপি মরহুম মতিউর রহমান তালুকদারের রেখে যাওয়া অসমাপ্ত কাজ ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।


তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে সোনাকাটা ইউনিয়নকে নতুন করে সাজানো হবে, তালতলীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে এবং ডিসি পয়েন্টকে নতুন রূপে গড়ে তোলা হবে।


উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.