চট্টগ্রামের চন্দনাইশে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১০টা ২৫ মিনিটে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় এ ঘটনা ঘটে। জানা যায়, বিজিবি এবং চন্দনাইশ আর্মি ক্যাম্পের একটি যৌথ টহল দল নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে গাড়িতে থাকা দুইজন সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মোট ১০,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়। তারা দাবি করেন, ওই অর্থ জনাব মো. মিজানুল হক (ফুটবল) এর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।
এদিকে, মাইক্রোবাসের চালক যানবাহনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। তিনি জানান, গাড়িটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেওয়া হয়েছে, তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়নি বলে জানা যায়।
ঘটনার পর চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন দুই ব্যক্তি ও জব্দকৃত মাইক্রোবাসসহ তাদেরকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, ঘটনাস্থল চন্দনাইশ আর্মি ক্যাম্প-১ (বরমা ডিগ্রি কলেজ) থেকে আনুমানিক ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে।