× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতপুরে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান, ট্রলি জব্দ ও জরিমানা

রাকিব আলী (কুষ্টিয়া) দৌলতপুর প্রতিনিধি।

০১ মার্চ ২০২৬, ২০:৫৮ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি মাটি বোঝাই ট্রলি জব্দ এবং চালককে আটক করেছে উপজেলা ভূমি অফিস। রোববার (০১ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দৌলতপুর উপজেলা ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে চলা অবৈধ মাটি কাটার কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নিজস্ব তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে ঘটনাস্থল থেকে একটি মাটি বোঝাই ট্রলি আটক করা হয়। এ সময় ট্রলির চালক শাহীন (২৫), পিতা ফারুক হোসেন, গ্রাম হোসনাবাদ, থানা দৌলতপুরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মাটি উত্তোলনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে আটককৃত ট্রলি ও চালককে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলির মালিক লিঠু মেম্বার, সাং চরসাদিপুর (দারোগার মোড়) কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ফসলি জমি ও সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে কৃষিজমির ক্ষতি হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ে।

উপজেলা ভূমি কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তিনি এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.