নীলফামারী-তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ‘বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা যুবভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর-এর সিড ফাইন্যান্সিং উইংয়ের পরিচালক একেএম মফিজুল ইসলাম।
যুব উন্নয়ন অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) হাসান আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়োগ্যাস প্রযুক্তি গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জ্বালানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব হবে।
এই প্রশিক্ষণ কর্মসূচিটি যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।
সভাপতির বক্তব্যে হাসান আলী জানান, দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। তিনি আরও জানান, ২০২৫–২০২৬ অর্থবছরে এটি দ্বিতীয় ব্যাচ, যা পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুবকদের টেকসই আয়ের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
প্রশিক্ষণে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক ধারণা, কারিগরি দিক, ব্যয় বিশ্লেষণ, অর্থনৈতিক সম্ভাবনা এবং পরিবেশগত সুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হবে।