চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈনিত-প্রশাসন ও পেশাজীবিদের সম্মানে সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের ইফতার সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে স্থানীয় একটি রেষ্টুরেন্টে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদকর্মীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মিজানুর রহমান রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব তারেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌং, সাতকানিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী তারেক হোসাইন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ শামসুদ্দিন, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদিপ্ত রেজা জয়ন্ত ও সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম বাবর, হারুন রশীদ ও ব্যবসায়ি নেতা নিজামুদ্দিন কোং সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ব্যবসায়ি নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাতকানিয়ার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়ন যে ঐক্যবদ্ধ প্রয়াস চালাচ্ছে তা প্রশংসনীয়। ইফতার মাহফিলের মতো এমন আয়োজন পেশাদারিত্বের বাইরেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতকানিয়ার সম্ভাবনা গুলোকে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনের ঐক্যবদ্ধ অবস্থানকে সাধুবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।
এসময় ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে এক প্রীতিভোজে অংশ নেন।