× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাটের পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা একই পরিবারের তিনজন নিহত, আহত ১

মো. শরিফুল ইসলাম, লালমনিরহাট

১৭ মার্চ ২০২৬, ১৩:১২ পিএম

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাস বয়সী সন্তান হুজাইফা। আহত হয়েছেন তাদের ছেলে সোহান (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন। ঈদের ছুটিতে পরিবারসহ মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম ও শিশু হুজাইফাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবনি জানান, দুর্ঘটনার সময় একই পরিবারের চারজন মোটরসাইকেলে ছিলেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত শিশুটিকে রংপুরে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.