ঈশ্বরদীতে স্থানীয় বিএনপির বিবাদমান হাবিবুর রহমান হাবিব ও জাকারিয়া পিন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ, অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ১৬ জনকে আটক করেছে।
আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে সংঘর্ষের ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
সন্ধ্যায় মুঠোফোনে এতথ্য নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, আজ দুপুরে শহরের রেলগেট ও পোস্ট অফিসমোড়ে বিএনপির দুই গ্রুপের মধ্যেকার সংগঠিত সংঘর্ষের সিসি টিভির ফুটেজ দেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে জগলু নামে স্থানীয় বিএনপির উল্লেখযোগ্য নেতাও রয়েছে।
উল্লেখ্য, আজ দুপুরে পুলিশের অনুরোধ উপেক্ষা করে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও তার ভাইদের সন্ত্রাসী উল্লেখ করে উস্কানিমুলক শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগান দিয়ে ৮-১০ রাউন্ড ফাঁকাগুলি চালিয়েছে। সংঘর্ষে ইট ও পাথরের আঘাতে উভয় গ্রুপের অন্তত ৩০-৩৫ নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। উত্তেজিতরা দুটি মোটরসাইকেলে অগ্নি সংযোগসহ কয়েকটি মোটর সাইকেলসহ শহরের পোস্ট অফিস মোড়স্থ বিএনপির এক পক্ষের কার্যালয়ে থাকা প্লাস্টিকের চেয়ার ভাংচুর করার ঘটনা ঘটে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে শহরের বিশেষ বিশেষ স্থানে পুলিশকে পাহারায় রাখা হয়েছে। একই সঙ্গে শহরে সেনা বাহিনী ও র্যাব সদস্যদের টহলে রাখা হয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই লিখিতভাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সোয়া ৮ টা পর্যন্ত) থানায় অভিযোগ দায়ের করে নাই বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।