× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাতীবান্ধায় হাতকড়া পরা অবস্থায় পালানো আসামি রাতভর অভিযানে পুনরায় গ্রেফতার

শরিফুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ১৮:০৩ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর এক রাতভর অভিযান শেষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭)। তিনি উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক হোসেনের বাড়িতে আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করে। পরে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মালামাল উদ্ধারে বের হলে পথিমধ্যে সুযোগ বুঝে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠে এবং রাতেই উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি দলে বিভক্ত হয়ে অভিযান শুরু করে। অবশেষে সারারাত অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তবে চোরাই মাল উদ্ধারে যাওয়ার সময় সে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। পরে রাতভর অভিযান চালিয়ে তাকে আবারও আটক করা হয়।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে চুরি এবং পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.