রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭বিজিবি)।
বিজিবির তথ্য মতে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে একটি টহল দল টিএন্ডটি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৮৭ দশমিক ৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের সিজার মূল্য প্রায় ৩ লাখ ৯৪ হাজার ৪৭০ টাকা বলে জানায় বিজিবি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, সম্প্রতি চোরাকারবারীরা নানা অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।