× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নোয়াখালীতে সড়ক নির্মাণে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ,ঠিকাদারকে সতর্কীকরণ চিঠি

মো.এনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ২১:১৬ পিএম

নোয়াখালীতে সড়ক নির্মাণে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে খাল ও ফসলি জমির মাটি উত্তোলনের অভিযোগে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সকে সতর্কীকরণ অফিসিয়াল চিঠি প্রদান করে সড়ক নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন।

নির্বাহী প্রকৌশলী বলেন, মাটি উত্তোলনের বিষয়ে কারোর থেকে কোনো লিখিত অভিযোগ না পেলেও আমি বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে কিছু নিয়মের ব্যত্যয় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দিয়েছি। এবং ত্রুটি সংশোধনের জন্য তাদেরকে নির্দেশনা দিয়ে এসেছি। পরবর্তীতে অফিসিয়ালি ভাবে বারে বারে ৪ বার তাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করার নির্দেশনা দিয়ে ভুলগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে। 

তিনি আরো বলেন, ভুল ত্রুটি সংশোধন বলতে এখানে রাস্তার পার্শ্ববর্তী খাল থেকে কিছু মাটি উত্তোলন করা হয়েছে তাই খালের যে স্থান থেকে মাটি উত্তোলন করা হয়েছিল সেই স্থানে মাটি ভরাট করে দেয়ার জন্য আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছি। মাটি উত্তলিত স্থানে পুনরায় মাটি ভরাটের নির্দেশনা দিয়ে আমি গত ২২ ফেব্রুয়ারি, ২ মার্চ, ৯ মার্চ, ১৫ মার্চ ২০২৬ তারিখে এপর্যন্ত চারবার পত্র প্রদান করেছি। বিধায় কাজ এখনো বন্ধ রয়েছে।

এদিকে রাস্তাটি নির্মাণ কাজ শুরু হওয়ার কয়েক দিনের মাথায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, আসছে বর্ষা মৌসুমের আগে রাস্তাটির নির্মাণ কাজ শেষ না হলে দুর্ভোগ পোহাতে হবে এ অঞ্চলের মানুষকে। তাই তাদের দাবি, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধান করে রাস্তার নির্মাণ কার্যক্রম গতিশীল করা হোক।

অফিসিয়ালি তথ্যমতে, নোয়াখালী সড়ক ও জনপদ বিভাগের অধীনে লক্ষ্মীপুর চর আলেকজান্ডার-সোনাপুর-মান্নান নগর সড়কের মোট ৭৩ কিলোমিটার সড়কের নোয়াখালী অংশে ১৩.৯ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্ত করণের প্রাথমিক ধাপ মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছিল গেল কিছুদিন আগে। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬৬ কোটি টাকা। উক্ত রাস্তা সংস্কারের অফিস কার্যাদেশ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। একই কার্যাদেশে দিনমণি বাজার-মৌলভীবাজার-কোম্পানিরহাট-ছোট ফেনী নদী সড়কের ৯ কিলোমিটার রাস্তাও অন্তর্ভুক্ত রয়েছে। যার প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি টাকা। তবে কার্যাদেশের এই অংশের কাজ এখনো শুরু করা হয়নি।

প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান রিয়াভেল বিল্ডার্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকল্প ব্যবস্থাপক নুরুল আফসার রাসেলের কাছে জানতে চাইলে, শুরু হওয়া কাজের অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি জানান, মাত্র দুই দিন হলো আমরা কাজ সবেমাত্র শুরু করেছি। ভুল করে পার্শ্ববর্তী স্থান থেকে কিছু মাটি উত্তোলন করা হয়েছে আমরা সেগুলো আবার ভরাট করে দেব। তবে যে ব্যক্তি সাইটে দায়িত্বে থাকা অবস্থায় এভাবে ভুল করে পার্শ্ববর্তী স্থান থেকে মাটি উত্তোলন করেছেন প্রতিষ্ঠান থেকে তাকে চাকুরিচ্যুত করা হয়েছে। বর্তমানে কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমাকে এখানে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি সকল ভুল ত্রুটি সংশোধন করে আমরা সঠিক নিয়মের মধ্যে থেকে কাজ সম্পন্ন করব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.