× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

১৫ এপ্রিল ২০২৬, ১৯:৩৩ পিএম

নারী নেতৃত্বাধীন ব্যবসা এবং উৎপাদন খাতের ক্ষুদ্র উদ্যোগগুলোকে সহজ ও সাশ্রয়ী অর্থায়ন সুবিধা প্রদানের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। 

ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।

এই চুক্তির আওতায় দেশের প্রান্তিক কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়িয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা হবে।

এসএমই ফাউন্ডেশনের রিভলভিং ফান্ড ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০০ কোটি টাকা বিতরণ করা হবে, যেখানে উদ্যোক্তাদের ১ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। এই তহবিল থেকে ব্র্যাক ব্যাংক ৪০ কোটি টাকার জামানতবিহীন ঋণ প্রদান করবে।

উদ্যোক্তারা ৮% ইন্টারেস্টে এই ঋণসুবিধা পাবেন। এই কর্মসূচিতে দেশের উৎপাদন খাত, ক্লাস্টারভিত্তিক ব্যবসা এবং নারী নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তি সম্পর্কে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, যা প্রান্তিক উদ্যোক্তাদের ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। এই রিভলভিং ফান্ডের মাধ্যমে আমরা আরও বিস্তৃত পরিসরে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারব। ক্ষুদ্র ব্যবসা, বিশেষ করে নারী নেতৃত্বাধীন ও উৎপাদন খাতের উদ্যোগগুলোকে সহায়তা করে আমরা উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছি।”

উল্লেখ্য, দেশজুড়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রাপ্তির সুযোগ বাড়াতে এবং তাদের জন্য উদ্ভাবনী সল্যুশন নিয়ে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.