× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুহূর্তেই নিঃস্ব ব্যবসায়ী: সীতাকুণ্ডে আগুনে পুড়ল তুলার গুদাম

এম জামশেদ আলম, সীতাকুণ্ড

২৩ এপ্রিল ২০২৬, ১৮:০৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গুদামসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন মো. শফির তুলার গুদামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে কাজ চলাকালে হঠাৎ তুলা প্রক্রিয়াজাত করার মেশিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে থাকা তুলার বস্তায় ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তুলার গুদামসহ তিনটি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. শফি জানান, তিনি বিভিন্ন এনজিও থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে প্রায় সাত লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে সব পুঁজি ও মালামাল পুড়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা জানান, ঘটনাস্থলের আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। প্রায় ৫০০ ফুট দূরের একটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.