জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৩৫) এবং বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৫)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরপাকেরদহ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশীষ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।