× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কমলগঞ্জ পৌর মার্কেটের উদ্বোধন

জায়েদ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

০৯ মে ২০২৬, ১৬:০১ পিএম

কমলগঞ্জ পৌরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রত্যাশা পূরণে যুক্ত হলো নতুন এক মাইলফলক। আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার লক্ষ্যে আজ শনিবার (৯ মে) শুভ উদ্বোধন করা হলো কমলগঞ্জ পৌর মার্কেটের নবনির্মিত প্রথম তলা। এই উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

শনিবার দুপুর সাড়ে ১১টায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মার্কেটের ফলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধন শেষে আয়োজিত সভায় এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নমুখী। কমলগঞ্জের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও আধুনিক করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। এই পৌর মার্কেট কেবল একটি ভবন নয়, এটি স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীদের স্বাবলম্বী হওয়ার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরবে।”

তিনি আরও যোগ করেন, “একটি আধুনিক ও ব্যবসাবান্ধব কমলগঞ্জ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই মার্কেটের সুশৃঙ্খল পরিবেশ ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পৌর মার্কেটের এই নতুন অংশের উদ্বোধনকে কেন্দ্র করে পুরো পৌর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের জায়গার সংকট এই নতুন ভবনের মাধ্যমে দূর হবে। সাধারণ ক্রেতারাও মনে করছেন, এখন থেকে আরও উন্নত ও আধুনিক পরিবেশে তারা কেনাকাটার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই অবকাঠামোটি চালু হওয়ায় এলাকার কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই মার্কেটটি কমলগঞ্জের সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি বড় চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.