সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের হামলায় বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সহকর্মীদের সাহসিকতায় প্রাণে রক্ষা পেলেও তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
রোববার (১০ মে) সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দীর্ঘ সময় নৌপথ পাড়ি দিয়ে সোমবার (১১ মে) সকালে লোকালয়ে আনা হয়।
আহত বাবলু গাজী শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণ করছিলেন। এসময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার এসে বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই তাকে মাটিতে ফেলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে বাঘটি।
এসময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি বাবলুকে ছেড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নৌকাযোগে লোকালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা।
সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছালে স্থানীয়ভাবে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরায় নেওয়া হয়েছে।
আহতের পিতা মালেক গাজী বলেন,
আমরা একসাথে মধু ভাঙছিলাম। হঠাৎ বাঘ এসে আমার ছেলেকে আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো জীবিত আছে।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন,
বিষয়টি আমরা জানতে পেরেছি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।