× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ নয়, সন্ত্রাসীদের জন্য শেষ সতর্কবার্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি :

৩১ মে ২০২৬, ১৬:২৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরকে আর কোনোভাবেই সন্ত্রাসী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, এলাকায় বসবাসরত প্রকৃত স্থানীয় অধিবাসীদের কাউকেই উচ্ছেদ করা হবে না; বরং তাদের জন্য সরকার পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার (৩১ মে) সকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরের অবৈধ দখলদারদের একটি তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তবে সাধারণ মানুষ বা প্রকৃত বাসিন্দাদের উচ্ছেদের কোনো পরিকল্পনা সরকারের নেই। তাদের কীভাবে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে।”

তিনি বলেন, বিগত বছরগুলোতে অপরাধ ও দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার চেষ্টা হয়েছিল, যার অন্যতম উদাহরণ জঙ্গল সলিমপুর। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রী জানান, এলাকায় সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরা ও নিজস্ব পাহারা ব্যবস্থা গড়ে তুলে এক ধরনের সমান্তরাল নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে সেই নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। তবে তথ্য ফাঁসের কারণে কিছু ক্ষেত্রে অভিযানের পূর্ণ সফলতা অর্জন সম্ভব হয়নি।

র‌্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনাকে রাষ্ট্রের প্রতি সরাসরি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পেছনে জড়িত ভূমিদস্যু, সন্ত্রাসী ও মূল ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সাধারণ মানুষকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেউ যদি উচ্ছেদের ভয় দেখায়, চাঁদা দাবি করে কিংবা হয়রানি করার চেষ্টা করে, তাহলে সরাসরি জেলা প্রশাসনের কাছে অভিযোগ করুন। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

জঙ্গল সলিমপুরের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করে একটি আধুনিক সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, বায়েজিদ লিংক সড়কের পাশের খাস জমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের পাশাপাশি বেতুয়া ও চা-বাগান এলাকার মতো অপরাধপ্রবণ অঞ্চলগুলো থেকেও সন্ত্রাসী কর্মকাণ্ড চিরতরে নির্মূল করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাবের উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনার পর গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এলাকার নিয়ন্ত্রণ নেয় প্রশাসন এবং আলীনগরে একটি অস্থায়ী যৌথ ক্যাম্প স্থাপন করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.