× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁ বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান

মো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

০৩ জুন ২০২৬, ১৯:০১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নারায়নগঞ্জ সোনারগাঁ বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব শুরু আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান।

সোনারগাঁয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বারদী আশ্রম প্রাঙ্গণে এ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পুলিশ সুপার বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবে আগত সকল ভক্ত ও দর্শনার্থীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”

তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও বস্তু শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিং প্যারেড শেষে পুলিশ সুপার সোনারগাঁও উপজেলার বারদী পর্যটন কেন্দ্রে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাসভবন ও লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আসিফ আল জিন্নাত, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে তারা বদ্ধপরিকর।

সোনারগাঁয়ের বারদীতে আজ বুধবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। এ উপলক্ষে বারদী আশ্রমে ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসব ও প্রার্থনা সভায় অংশ নিতে এরই মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক লোকনাথ ভক্ত আশ্রমে এসে পৌঁছেছেন।

বুধবার সকালে বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনের কর্মসূচিতে রয়েছে- ঊষাকীর্তন, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং সন্ধ্যা কীর্তন। উৎসবকে কেন্দ্র করে আশ্রমের মন্দির ও তীর্থ নিবাস বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। এ ছাড়া বারদী এলাকায় বসেছে ৭ দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা।বারদী এলাকায় চলছে উৎসবমুখর পরিবেশ। 

আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভক্তরা আশ্রমের নিজস্ব হোস্টেলসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। উৎসব উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার বারদী আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, 'উৎসবকে ঘিরে পুলিশ, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৬ শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। আশ্রম এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে। মেঘনা নদীতেও নৌপুলিশের টহল থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।'

ইউএনও আসিফ আল জিনাত জানান, উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অবৈধ কোনো কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, লোকনাথ ব্রহ্মচারী ১৭৩০ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রাম নারায়ণ ঘোষাল ও মা কমলা দেবী। মাত্র ১০ বছর বয়সে তিনি সন্ন্যাসী ভগবান গাঙ্গুলীর কাছে দীক্ষা নেন এবং হিমালয়ে দীর্ঘ ৪০ বছর সাধনা করেন। পরে আফগানিস্তানের কাবুলে গিয়ে তিনি কোরআন ও ইসলাম দর্শন সম্পর্কেও জ্ঞান লাভ করেন। জীবনের শেষ ২৬ বছর তিনি বারদী আশ্রমে কাটান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.