চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ২০২৬ মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উপলক্ষে কৃষকদের অংশগ্রহণে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আবেদনকারী ১ হাজার ৮১০ জন কৃষকের মধ্য থেকে ২৪৮ জন কৃষককে নির্বাচিত করা হয়।
বুধবার (৩ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, জীবননগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল ইসলাম কাজল, ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিরা।
লটারির পুরো কার্যক্রম উন্মুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচিত কৃষকরা সন্তোষ প্রকাশ করে বলেন, উন্মুক্ত লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। এতে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হওয়ার সুযোগ পাচ্ছেন।