তৃণমূল পর্যায়ের উদীয়মান ফুটবলারদের দক্ষতা প্রদর্শন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত ‘১১তম ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (৮ জুন) অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দেশের ৮টি বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে তিন দিনব্যাপী আয়োজিত এই ফুটবল উৎসবের পর্দা নামলো ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে রংপুর বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল বিভাগ। অন্যদিকে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রংপুর বিভাগকে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুবসেবা) মো. মাহবুবুর রহমান।
এর আগে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে সিলেট বিভাগকে হারিয়ে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগকে হারিয়ে বরিশাল বিভাগ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।