× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি:

০৯ জুন ২০২৬, ১৯:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

শেরপুরে ফুটবল বিশ্বকাপ ২০২৬ কে ঘিরে এবার  ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগদান করেছেন শিবু নামে এক আর্জেন্টিনা সমর্থক। সোমবার (৮ জুন) রাতে জেলা শহরের চাপাতলি এলাকায় এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক ও সমর্থন নিয়ে নানা আলোচনা শুরু হলেও এবারের ঘটনাটি শহরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সোমবার রাতে ব্রাজিলে যোগদান উপলক্ষে শিবু ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার জার্সি খুলে সবার সামনে ব্রাজিলের জার্সি পরেন। এ সময় ব্রাজিল সমর্থক মেহের খান অপু, আব্দুল্লাহ আল নাইম, রায়হান ইসলাম রাব্বী, জাকির হোসেনসহ বেশ কিছু ব্রাজিল সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে সামনে রেখে এমন ব্যতিক্রমী দলবদলের ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। বিশ্বকাপের উন্মাদনার মধ্যে শেরপুরের এই অভিনব দলবদলের ঘটনা এখন স্থানীয়দের আলোচনার অন্যতম বিষয়ে পরিণত হয়েছে।

দল পরিবর্তনের কারণ সম্পর্কে শিবু বলেন, আমি দীর্ঘদিন শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করেছি। কিন্তু এখন মনে হচ্ছে এটাই মেসির শেষ বিশ্বকাপ। বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো তারকাখচিত খেলোয়াড়ও নেই। তাই দলটির ওপর আমার আগের মতো ভরসা পাচ্ছি না। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল সবসময়ই আমার ভালো লাগে। নেইমার আমার প্রিয় খেলোয়াড়দের একজন। এসব কারণেই আমি ব্রাজিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।

ব্রাজিল সমর্থক মো. আলিম বলেন, শিবু ভাই দীর্ঘদিন ধরে শুধু মেসির কারণে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছিলেন। কিন্তু এটি যেহেতু মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবং বর্তমান আর্জেন্টিনা দলে আগের মতো ভালো খেলোয়াড় নেই বলে তিনি মনে করেন, তাই দলটির প্রতি তার আস্থা কমে গেছে। অন্যদিকে ব্রাজিলের শৈল্পিক ফুটবল এবং নেইমারকে তার ভালো লাগে। এ কারণেই তিনি ব্রাজিলের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে শিবু আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত ব্রাজিল সমর্থকরা তাকে স্বাগত জানান।

ব্রাজিলের আরেক সমর্থক মেহের খান অপু বলেন, শিবুর এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এ ধরনের পরিবর্তন স্বাভাবিক। তিনি এখন আমাদের ব্রাজিল শিবিরের অংশ, আমরা তাকে সঙ্গে নিয়ে ব্রাজিলের জয় কামনা করি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.