ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের গালাগালি ও মারধরের অভিযোগে উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সমন্বয়ক মো. আশরাফ শেখকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টার দিকে ভাঙ্গা কাজী শামসুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষকদের কক্ষে অবরুদ্ধ থাকা আশরাফ শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে পরীক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আশরাফ শেখকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে তিনি দৌড়ে কেন্দ্রসচিবের কক্ষে আশ্রয় নেন। এ সময় ইটের আঘাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত সহ তিনজন আহত হন।
অভিভাবক ও কয়েকজন আহত শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার সকালে ব্যবহারিক পরীক্ষা শুরুর আগেই আশরাফ শেখ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। তার হবু স্ত্রী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তাকে নানাভাবে সহায়তা করে আসছিলেন। বৃহস্পতিবারও ব্যবহারিক পরীক্ষা চলাকালে তিনি তার হবু স্ত্রীকে সহায়তা করার চেষ্টা করেন বলে অভিযোগ।
এ সময় একই কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী। তারা বিষয়টির প্রতিবাদ করলে আশরাফ শেখ নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। শিক্ষার্থীদের গালাগাল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে দাবি করা হয়।
প্রতিবাদে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কক্ষ থেকে বেরিয়ে আসে। বিক্ষোভ শুরু করে। পরে তারা আশরাফ শেখকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি দৌড়ে কেন্দ্রসচিবের কক্ষে আশ্রয় নেন। এ সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তসহ কয়েকজন আহত হন।
প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আশরাফ শেখের বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ইটের আঘাতে আমি আহত হই। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক মো. আশরাফ শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অবরুদ্ধ অবস্থায় থাকা আশরাফ শেখকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
