ছবি: সংবাদ সারাবেলা।
নাটোরের গুরুদাসপুরে আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা প্রসার এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রত্যয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক, খেলোয়াড় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি সহায়তা সামগ্রী ও নগদ উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উপকারভোগীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদসহ ইউপি পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সরকার দলীয় নেতা-কর্মীরা।
প্রথমে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা কার্যক্রম এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় জননিরাপত্তা, মাদক প্রতিরোধ, শিক্ষা, কৃষি ও সামাজিক উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে শুরু হয় সহায়তা সামগ্রী ও উপবৃত্তি বিতরণ কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ বরাদ্দ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ৫টি বাইসাইকেল, সেলাই মেশিন এবং ২৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অর্থ প্রদান করা হয়। এর মধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা ৩ হাজার টাকা, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ৫ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা ৭ হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।
এছাড়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দ থেকে ২৪টি হুইলচেয়ার, ৫৬টি সেলাই মেশিন, কৃষকদের জন্য ৫০টি স্প্রে মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার জন্য ৭৫টি বৈদ্যুতিক ফ্যান, ৬০ সেট বেঞ্চ, খেলোয়াড়দের জন্য ১৫০টি ফুটবল এবং ২০ জোড়া ফুটবল বুট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়নের প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হয়, যখন তার সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নেই কাজ করছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, প্রতিবন্ধী ব্যক্তি ও তরুণ খেলোয়াড়দের জন্য এ ধরনের সহায়তা তাদের স্বপ্নপূরণ এবং আত্মনির্ভরশীলতা অর্জনের পথে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
দিনব্যাপী কর্মসূচির শেষে প্রধান অতিথি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপকারভোগীদের হাতে সহায়তা সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তাদের মুখের প্রশান্ত হাসিই যেন সরকারের জনকল্যাণমুখী উদ্যোগের সফলতার এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে ওঠে।#
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
