নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১৪ জন নারী ও পুরুষকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী বাজারের তিনটি আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদিন সংঙ্গীয় ফোর্সসহ চৌমুহনী বাজারের ‘রাজ হোটেল’, ‘ঢাকা হোটেল’ এবং ‘সেভেন স্টার হোটেল’-এ অভিযান চালান। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ১৪ জন নারী ও পুরুষকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধমুক্ত জেলা গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।