আগামী ২৮ জুন, রবিবার সারা দেশে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফেনীতে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইনের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা: মো: ইমাম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: আমির খসরু তারেক, ডা: একেএম ফাহাদসহ চিকিৎসক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সেবাদানকারীবৃন্দ প্রমুখ।
এতে ভারপ্রাপ্ত জেলা সিভিল সার্জন বলেন, ভিটামিন এ - এর অভাবে চোখের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়তে পারে - এর মধ্যে রাতকানা, কনজাংটিভার শুস্কতা, বিটট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষত, কর্নিয়ার স্থানীয় দাগ, চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ রূপে লোপ পাওয়া।
তিনি আরও বলেন,ভিটামিন এ মূলত একটি অনুপুষ্টি । অনুপুষ্টি উপাদানসমূহ আমাদের অতি সামান্য পরিমাণে প্রয়োজন, কিন্তু এগুলো এতই গুরুত্বপূর্ণ যে নির্দিষ্ট পরিমাণ গ্রহণ করা না হলে একজন মানুষ অসুস্থ অথবা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে।
উল্লেখ যে, আগামী ২৮ জুন সারা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ফেনী জেলায় মোট ১১৩৮ টি স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্র থেকে স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বাস স্ট্যান্ড, রেলস্টেশন ইত্যাদি স্থানে ভ্রাম্যমাণ স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল শিশুদের খাওয়ানো নিশ্চিত করতে এগুলো খোলা থাকবে।