অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় কুড়িগ্রামে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ -২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) কুড়িগ্রাম সদর অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেকের হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সনদপত্র সহ ৫০ হাজার টাকার অনুদানের চেক হাতে তুলে দেওয়া হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন। এ সময় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, জেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, ফুলবাড়ী উপজেলার প্রশিক্ষণার্থী দীপা রানী এবং রাজারহাট উপজেলার একজন প্রশিক্ষণার্থী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন বলেন, প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়ন এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন বলে তিনি আশাবাদী। তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। কৃষকদের নিয়ে কৃষি বিভাগ, নারীদের নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং তরুণ-যুবকদের দক্ষতা উন্নয়নে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির বলেন, ২৫ জন প্রশিক্ষণার্থীকে তিনটি পৃথক ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম ১২ দিনে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এরপর বিভিন্ন খামার ও প্রকল্প পরিদর্শনের মাধ্যমে হাতে-কলমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া হয়। প্রশিক্ষণের শেষ তিন দিনে বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সচেতনতা, ব্যক্তিজীবনে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, প্রশিক্ষণ শেষে দেওয়া সনদ ও অনুদানের অর্থ কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।