চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুমাইয়া সুলতানা এ্যানি। গত বৃহস্পতিবার (২ জুলাই) তিনি উপজেলা প্রশাসনের নতুন কর্ণধার হিসেবে যোগ দেন। এর আগে তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
যোগদানের পর তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন। এ সময় তিনি উপজেলার বর্তমান প্রশাসনিক পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।
নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, “জীবননগরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং চলমান উন্নয়নমূলক কাজগুলোকে গতিশীল করা হবে।”
তিনি আরও বলেন, “উপজেলার সাধারণ মানুষ যেন কোনো সংকোচ ছাড়াই সরাসরি ইউএনও অফিসে আসতে পারেন। জীবননগরবাসীকে সাথে নিয়ে তাদের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও পরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি।”
এদিকে নবাগত ইউএনওর যোগদানে উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে জীবননগর উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।