× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

​বেগমগঞ্জের চাঞ্চল্যকর রকিব হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেপ্তার।

মুহাম্মদ সুমন ভূঁইয়া বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি -

০৫ জুলাই ২০২৬, ২০:২৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর জোবায়ের হোসেন রকিব হত্যা মামলার তদন্তপ্রাপ্ত দুই আসামিকে ঢাকার রামপুরা ও বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (৫ জুলাই) ​র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার (৪ জুলাই) দুপুরে র‍্যাব-১১ ও র‍্যাব-৩ এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালীর বেগমগঞ্জ থানার খানপুর গ্রামের রফিকের ছেলে মো. সুমন (২৫) এবং একই গ্রামের আলী আহমেদের ছেলে পিয়াস (২৪)।

​ঘটনার প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, মামলার বাদী পক্ষ ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। বাদীর স্বামী ও দেবর তাদের নিজস্ব জমিতে একটি পাঁচতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন। ভবন নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন আগে আসামিরা বাদীর ছেলে (ভিকটিম) জোবায়ের হোসেন রকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই চাঁদার টাকা রকিবকে তার চাচার কাছ থেকে এনে দিতে বলে আসামিরা। কিন্তু রকিব টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিদের সঙ্গে তার তীব্র কথাকাটাকাটি হয়।

​চাঁদার টাকা না পেয়ে পূর্বপরিকল্পিতভাবে গত ৩০ মে সকাল ৯টার দিকে রকিব বাড়ি যাওয়ার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা রকিবকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকার শুনে সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা তাদেরকেও মারধর করে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীরা মিলে রক্তাক্ত অবস্থায় রকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতের পরিবারের পক্ষ থেকে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

​মামলা রুজুর পর থেকেই র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি আভিযানিক দল জড়িত আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ জুলাই দুপুর ১২টার দিকে র‍্যাব-১১ এবং র‍্যাব-৩ (মগবাজার, ঢাকা) এর যৌথ দল ডিএমপি ঢাকার রামপুরা থানাধীন বনশ্রী মেরাদিয়া বাজার সংলগ্ন ব্লক-জি, রোড-০৩ এর একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে মামলার অন্যতম আসামি মো. সুমনকে গ্রেপ্তার করে।

​পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ১২টা ৫০ মিনিটে বাড্ডা থানাধীন আফতাবনগরের ব্লক-বি, রোড-০২ এর একটি দোকানের সামনে থেকে দ্বিতীয় আসামি পিয়াসকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.