পাবনার ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামী এই আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে সকাল সাড়ে ৯টা থেকেই উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে জড়ো হন।
বেলা ১১টার দিকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে শহরের ১ নম্বর গেট থেকে একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড হয়ে খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, "২০২৪ সালের আজকের এই দিনে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করে ক্ষমতাচ্যুত করেছিল। শত শত মায়ের বুক খালি করে, তরুণ-যুবককে পঙ্গু করে খুনি হাসিনা রান্না করা ভাত ফেলে বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায়।" এ সময় তিনি অবিলম্বে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের জোরালো দাবি জানান।
সংবিধান সংস্কার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়েছে। গণভোট কার্যকর করার জন্য আমরা শপথ নিলেও যারা দেশ পরিচালনা করছেন তারা গণভোট কার্যকর করার জন্য এখনো শপথ নেননি। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছেন।"
গণভোট কার্যকর করার হুঁশিয়ারি দিয়ে প্রধান অতিথি আরও বলেন, "গণভোট কার্যকর করার জন্য এ দেশের মানুষ যা যা করার তাই করবে, দেশবাসী যেকোনো মূল্যে এ দাবি আদায় করে কার্যকর করবে ইনশাল্লাহ।" এ সময় তিনি ওসমান হাদীর হত্যাকারীদেরও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের,
ঈশ্বরদী উপজেলা জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদ, উপজেলা সেক্রেটারি সাইদুল ইসলাম ,পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।