কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩, রংপুরের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধর্মপুর এলাকার মো. জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, একটি বাটন মোবাইল ফোন, দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), পিতা মো. খলিলুর রহমান; মো. মোস্তফা কামাল (৩৮), পিতা মো. মুসলিম উদ্দিন; মোজাম্মেল হক (৪৩), পিতা মৃত সৈয়দ আলী; এবং মো. হযরত আলী (২৯), পিতা মো. মোসলেম উদ্দিন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।