চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায়। ইতোমধ্যে উন্নতমানের পাঁচটি ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে ছিলেন আবাসিক শিক্ষার্থীরা। নারী শিক্ষার্থীদের এই সমস্যার কথা চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে অবহিত করেন।
ছাত্রী হলগুলোর অসুবিধার কথা জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পাঁচটি উন্নতমানের ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করেন। এসব ডিপ ফ্রিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পাঁচটি আবাসিক হলে ব্যবহার করা হবে।
হলগুলোতে খাবার সংরক্ষণসহ শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনীয় কাজে ডিপ ফ্রিজগুলো ব্যবহার করা যাবে। এতে আবাসিক নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা কমার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের খাবার সংরক্ষণে ভোগান্তি ছিল। আজ সেই ভোগান্তির নিরসন হতে চলেছে। শিক্ষার্থীদের দাবির প্রতি দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা।’