রাজধানীর গুলশান থানার কড়াইল বস্তি থেকে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু মোহাম্মদ রাতুল মিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে মাদরাসা থেকে কড়াইল বস্তির কুমিল্লা পট্টির বাসায় ফেরার পথে রাস্তা হারিয়ে ফেলে শিশুটি।
দীর্ঘক্ষণ নিখোঁজ থাকায় পরিবারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় মাইকিং করা হয়। দুপুরের দিকে কড়াইল বস্তি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিটিসিএল কলোনির ৫ নম্বর গেটের পাশে শিশুটিকে একা কাঁদতে দেখে এগিয়ে যান বনানীস্থ কড়াইল গোডাউন গার্ডের পিসি মোঃ আঃ জব্বার। তিনি ও দায়িত্বরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিরাপদ আশ্রয়ে নেন।
পরবর্তীতে আনসার সদস্যরা আশপাশে খোঁজখবর নিয়ে ও ঘটনার সত্যতা যাচাই করে শিশু রাতুলকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। হারিয়ে যাওয়া সন্তানকে বুকে ফিরে পেয়ে আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারটি। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আনসার সদস্যদের এই মানবিক ভূমিকা স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হচ্ছে।