× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রকল্পে হামলা চালালো স্বেচ্ছাসেবকদল নেতা

চট্টগ্রাম ব্যুরো

২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৪ পিএম

চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে পিডিএল কোম্পানির সাপ্লায়ার মেসার্স থ্রি পয়েন্ট নামীয় একটি প্রতিষ্ঠান। গত প্রায় দেড় বছর ধরে ওই এলাকায় প্রকল্পের কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি ওই প্রকল্পের কাজ নিতে হামলা চালায় নগর স্বেচ্ছাসেবক দলের এক নেতা। তাকেই সাব-কন্ট্রাক্টের কাজ দিতে হবে। কাজ না দিলে চাঁদা দিতে হবে।

প্রায় ১৫ দিন আগে রাতে অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন নিয়ে প্রকল্পের শ্রমিকদের তাড়িয়ে দেয় ওই নেতা। এরপর প্রায় ১৫ দিন প্রকল্পের কাজ বন্ধ থাকে। এর মধ্যে সম্প্রতি একই ইস্যুতে আবারও ওই নেতার নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাতের আঁধারে প্রকল্প হামলা চালায়। ঘটনার পর প্রকল্পের কাজ আবারও বন্ধ হয়ে যায়। 

এ ঘটনায় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে মামলাটি দায়ের করেন ক্ষতিগ্রস্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কদমরসুল এলাকার বাসিন্দা মোহাম্মদ সরওয়ার। হামলাকারীরা শ্রমিকদের ওপর হামলা চালায়। এসময় প্রকল্পের কাজে ব্যবহৃত বাল্কহেড, আনলোড ড্রেজার ও পাইপ ভাংচুর করে।

মামলার অভিযুক্তরা হলেন, চট্টগ্রামের বাঁশখালীর কদমরসুল এলাকার জিয়াউল হক (৪৫), নুরুল আফসার (৪৮), মাস্টার সফর উদ্দিন (৪২), আব্দুল আউয়াল মতলব (৪৮), চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আরিফুর রহমান (৩৮), মোহাম্মদ হেলাল (৩২), মোহাম্মদ আরকান (৩০), ফৌজুল কাদের (৪৬), মো. কফিল (৩৫), মিনহাজ (২০), আসিফ (২০), ইমরান (২১), তানভীর (২৬), মারুফ (২১) ও জাহেদ (২০)।

মামলার বিবরণে জানা যায়, কদমরসুল এলাকায় পাউবোর বেড়িবাঁধ সংস্কারের কাজ করছে পিডিএল কোম্পানির নিবন্ধিত সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স থ্রি পয়েন্ট। প্রতিষ্ঠানটি গত প্রায় দেড় বছর ধরে সেখানে কাজ চালিয়ে আসছে। সম্প্রতি চলমান প্রকল্পের কাজ সাব-কন্ট্রাক্টে দিতে হবে ওই স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমানকে। অন্যথায় মোটা অঙ্কের চাঁদা দিতে হবে। এই ইস্যুতে গত ১৫ দিন আগে ওই নেতা ও তার ভাই আওয়ামী লীগ নেতা জিয়ার নেতৃত্বে লোকজন নিয়ে শ্রমিকদের তাড়িয়ে দিয়ে কাজ বন্ধ করে দেয়। এরপর দীর্ঘদিন কাজ বন্ধ থাকে।

পরবর্তীতে গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে অন্তত ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কদমরসুল এলাকায় পিডিএল কোম্পানির সাইটে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিকদের ওপর হামলা ও স্থাপনায় ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে বাদি সরওয়ারসহ বেশ কয়েকজন শ্রমিককে পিটিয়ে জখম করা হয়। অন্য একজনকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। 

হামলার পর প্রকল্পে থাকা বালু খালাসের আনলোড ড্রেজার, বাল্কহেড ভাঙচুরসহ অন্তত ৪০টি বালু সরবরাহের পাইপ লুট করে নিয়ে যায়। ওইদিন আহতদের উদ্ধার করে বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, হামলা ও ভাংচুরের ঘটনায় গত রবিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আরিফুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেন। ২০১৪ সালের বিএনপি কর্মী হত্যার অভিযোগে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, আমি ওই সময় এলাকায় ছিলাম না। 

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, আরিফের বিষয়ে কমিটি হওয়ার আগে ২০১৪ সালের মামলার বিষয়টি কেন্দ্রকে জানিয়েছিলাম। বর্তমানে কোনো অপকর্মে জড়িয়ে পড়লে তার দায় আমরা নেব না। 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, আরিফুর রহমানের ২০১৪ সালের বিএনপি দুই কর্মী হত্যা মামলার আসামি থাকার বিষয়টি আমি অবগত নই। কমিটির দেওয়ার আগে মহানগর থেকে তাদের সিভি নেওয়া হয়। কিন্তু তাদের বিষয়ে তো আর কেন্দ্র বিস্তারিত জানেনা। এসব জানেন মহানগর কমিটির মূল দায়িত্বে যারা থাকেন তারা। তার বিষয়টি তাদেরকে জানানোর জন্য প্রতিবেদককে পরামর্শ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.