× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড় ডাকছে, প্রস্তুত বান্দরবান

আকাশ মারমা মংসিং, বান্দরবান

০৯ অক্টোবর ২০২৬, ১৮:২৭ পিএম

পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজের সমারোহ, মেঘের আনাগোনা আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় পাহাড়কন্যা বান্দরবান। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু স্বস্তির খোঁজে অনেকে ছুটে আসেন পাহাড়ের এই শহরে। আর টানা পূজার ও প্রবারণা উৎসবের ছুটি সামনে রেখে নতুন করে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে বান্দরবান।

বান্দরবানে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত,দেবতাখুম, নাফাখুম, আমিয়াখুম,লাংলোক ঝর্ণাসহ বিভিন্ন দর্শনীয় স্থান। পাহাড়ের সৌন্দর্য উপভোগ, ছবি তোলা কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এসব স্থানে ভিড় করেন ভ্রমণপিপাসুরা। পূজার ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়লে এসব স্থানেও বাড়বে কর্মচাঞ্চল্য।

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, পর্যটকদের বরণে ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন জেলার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। হোটেল-মোটেল ও রিসোর্টগুলোতে চলছে আগাম বুকিং। এরই মধ্যে প্রায় ৫০ -৭০ শতাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। এবার পূজার টানা ছুটিতে পর্যটকদের বাড়তি আগমনে চাঙা হবে স্থানীয় অর্থনীতি। পর্যটননির্ভর অনেক মানুষের জীবিকায়ও আসবে গতি। আর ছুটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরও বাড়বে বলে আশা করছেন তারা।

গ্র‍্যান্ডভ্যালী ম্যানেজার সুমন বলেন, এবার পুজা ও প্রবারণা উৎসবের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমাদের হোটেল মোটেল ৫০- ৬০ শতাংশ বুকিং হয়ে গেছে। যেহেতু টানা ছুটি রয়েছে সেহেতু পর্যটকরা আগমণ ঘটবে বলে আশা রাখছি।

শুধু আবাসন নয়, পর্যটকদের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরিয়ে দেখানোর জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় চার শতাধিক চাঁদের গাড়িগুলোও। পাহাড়ি পথে চলাচলের উপযোগী এসব গাড়ি বান্দরবানের পর্যটনের অন্যতম আকর্ষণ। পর্যটকের চাপ বাড়লে পরিবহনসেবা নির্বিঘ্ন রাখতে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিচ্ছেন। পর্যটকদের আগমন বাড়লে ব্যস্ততা বাড়বে স্থানীয় পরিবহনকর্মী, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদেরও।

জীপ ও মাইক্রোবাস মালিক সমিতি লাইনম্যান কামাল বলেন, বিভিন্ন পর্যটন কেন্দ্রে ছুটে চলা চার শতাধিক চাদের গাড়ি ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। জেলার সব পর্যটন কেন্দ্র যেহেতু উন্মুক্ত রয়েছে সেহেতু বিগত সময় নানা সমস্যা ঘটে যাওয়াই এখন কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো। চালকরা পর্যটকদের আগমণ ঘটার অপেক্ষায় রয়েছে।

তবে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে আশাবাদের পাশাপাশি রয়েছে কিছুটা উদ্বেগও। তাদের আশঙ্কা, টানা ছুটিতে শেষ মুহূর্তে পর্যটকের ঢল নামলে হোটেল-মোটেল ও রিসোর্টে কক্ষের সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে বাড়তে পারে পরিবহনসেবার চাহিদাও। তাই বান্দরবানে ভ্রমণে আসার পরিকল্পনা করা পর্যটকদের আগেভাগে আবাসন বুকিং করে আসার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

হোটেল-মোটেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এবার পুজার টানা ছুটিতে হোটেল-মোটেলে ১০-১৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। লম্বার একটা ছুটি রয়েছে সেহেতু আবাসন সংকটে পর্যটকরা সমস্যা পড়তে পারে। তাই সময় থাকতে বুকিং করে রাখা ভালো

জেলা পুলিশ সুপার মো:ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পুজার টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তা থেকে শুরু করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের কিভাবে আরো বাড়তি সুযোগ-সুবিধা দেয়া যায় সে বিষয়ে যারা ব্যবসায়ী হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ-আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.