নীলফামারীর জলঢাকায় জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় জলঢাকা প্রেসক্লাবে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নায়েবে আমির আলহাজ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান কবীর লেলিন, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান লেবু এবং সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান (মনি)।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢানা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, যুবদল নেতা শামীমসহ জাতীয় সাংবাদিক সংস্থা, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব এর গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে দৈনিক সংবাদ সারাবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের কথা তুলে ধরার মাধ্যমে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করেন জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার জলঢাকা উপজেলা প্রতিনিধি আল ইকরাম বিপ্লব চিশতী।