চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত দ্রুতগতির লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল হুদা ভূঁইয়া মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় মুদি ও স্টেশনারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ইদুলপুর এলাকায় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত লরি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. নূরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর দীর্ঘ সময় ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার খবর দেখে হাসপাতালে খোঁজ নিয়ে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।