দীর্ঘদিনের প্রত্যাশা, সীমাহীন অপেক্ষা আর স্বপ্নের রেল যোগাযোগ, নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে এবার দৃশ্যমান অগ্রগতির নতুন বার্তা এসেছে। ঝারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রকল্প যাচাই কমিটির (পিইসি) গুরুত্বপূর্ণ সভা। ফলে পাহাড়, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ অঞ্চলে রেল যোগাযোগ প্রতিষ্ঠার প্রত্যাশা নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দায়িত্ব গ্রহণের পর থেকেই এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরছেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত ১৩ মে ২০২৬ তারিখে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুর সফরে আসেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তাঁদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সফরকালে তাঁরা জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরে দুর্গাপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি, যোগাযোগের সীমাবদ্ধতা এবং রেললাইন সম্প্রসারণের সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায়, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আশ্বাস দেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে রেল যোগাযোগ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর এ উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (৩ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে তিনটি গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ওপর প্রকল্প যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নেত্রকোনা জেলার জারিয়া ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন প্রকল্পটি আলোচনায় আসে।
সভায় আলোচিত অন্য দুটি প্রকল্প হলোÑসিলেট থেকে জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা সমীক্ষা এবং ফৌজদারহাট থেকে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ ও সিজিপিওয়াই থেকে বে-টার্মিনাল পর্যন্ত নতুন রেল লিংক স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
