× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জরিমানা ও মুচলেকা ভঙ্গ করে ফের সচল ‘পি এস বি ব্রিকস, অবাধে পুড়ছে কাঠ

​এম. এইচ রুবেল, ঝিনাইদহ

২৩ নভেম্বর ২০২৬, ১৮:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

​পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চুল্লি (কিলন) গুঁড়িয়ে দেওয়া, ছয় লাখ টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে ভাটা পরিচালনা না করার শর্তে লিখিত মুচলেকা নেওয়ার পরও চলতি মৌসুমে পুনরায় ইট পোড়ানো শুরু করেছে ঝিনাইদহ সদর উপজেলার ‘পি এস বি ব্রিকস’। আইন ও প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভাটাটি পুনরায় সচল করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

​সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা যায়, সদর উপজেলার গিলাবাড়ীয়া এলাকায় অবস্থিত ‘পি এস বি ব্রিকস’এর মালিক আবু তালেব মিয়া দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৪ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালকের নির্দেশনায় ও ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে ভাটাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ লঙ্ঘনের দায়ে ভাটাটিকে নগদ ৬ লাখ টাকা জরিমানা করা হয়। সে সময় ভেকু মেশিন দিয়ে ভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে আর কখনো ভাটা চালাবেন না মর্মে মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় তৎকালীন সহকারী পরিচালক মো. মুস্তাছির রহমানসহ অধিদপ্তরের কর্মচারী, জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

​স্থানীয়দের অভিযোগ, গত বছরের ওই অভিযানের পর ভাটাটির কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু ইট পোড়ানোর নতুন মৌসুম শুরু হতেই প্রশাসনের নজরদারি শিথিল থাকার সুযোগে মালিক আবু তালেব মিয়া আবারও চুল্লি সংস্কার করে ভাটাটি চালু করেছেন। শুধু তাই নয়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভাটাটিতে কয়লার পরিবর্তে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। বর্তমানে ভাটাটিতে পুরোদমে ইট ও কাঠ পোড়ানোর কাজ চলায় নির্গত কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ, ফসলি জমি ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

​এ বিষয়ে অভিযুক্ত ইটভাটা মালিক আবু তালেব মিয়ার বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, বিষয়টি যেহেতু জানিয়েছেন, আমি দেখব। মুচলেকার বিষয়টি বলতে পারব না, তবে অভিযান হয়তো হয়েছে। যেহেতু জানিয়েছেন, আমি আবার সেই জায়গায় পরিদর্শন করব। পরিদর্শন করে যদি দেখি আগের মতোই অবৈধভাবে পরিচালনা হচ্ছে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেব।

চুল্লি ভেঙে দেওয়া ও লিখিত মুচলেকার পরও চলতি মৌসুমে কীভাবে ভাটাটি আবারও চালু হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পুনরায় অভিযান চালিয়ে ভাটাটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.