কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনার মধ্য দিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রম। এ মৌসুমে উপজেলায় ১ হাজার ২৪২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফাহিম চৌধুরী বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যেন তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সরাসরি স্থানীয় কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমার পাশাপাশি কৃষকরা সরকারি নির্ধারিত মূল্যে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফরীত সাদিয়া লিসা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আনোয়ার হোসাইন (ভিপি), উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান ও হাবিবুর রহমান লিটন, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্য এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি এ উদ্যোগের ফলে আমন ধান উৎপাদনকারী কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য দাম পাবেন। পাশাপাশি সরকারি খাদ্যশস্যের মজুদ বাড়ানো ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ কার্যক্রম সহায়ক হবে।