× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দায়িত্ব পালনকালে আহত আনসার সদস্যদের সুচিকিৎসায় মহাপরিচালকের নির্দেশনা, হাসপাতালে অতিরিক্ত মহাপরিচালক

২৫ নভেম্বর ২০২৬, ১৯:৫২ পিএম

গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে এ হামলায় বাহিনীর ৩ জন কর্মকর্তা ও ৬ জন সদস্যসহ মোট ৯ জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত আনসার ও ভিডিপি হাসপাতালে নেওয়া হলে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।


আজ বেলা ২টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকরা আন্দোলন শুরু করে সড়ক অবরোধ করেন। এ সময় জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়নের একটি টহল দল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা টহল দলের ওপর হামলা চালালে দায়িত্বরত ৩ জন কর্মকর্তা ও ৬ জন সদস্য আহত হন।


দায়িত্ব পালনকালে আহত কর্মকর্তা ও সদস্যদের সুচিকিৎসা, কল্যাণ ও সার্বিক দেখভাল নিশ্চিত করতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল আনসার-ভিডিপি হাসপাতালে আহতদের দেখতে যান। এ সময় তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।


আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন সিপাহি মহসিন, সিপাহি মাসুম শেখ, হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আঃ রহিম, ল্যান্স নায়েক আবদুল হান্নান এবং নায়েক শাহাদাৎ হোসেন। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। কয়েকজনের কাঁধ, হাত ও পায়েও আঘাত রয়েছে।


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। প্রতিকূল পরিস্থিতিতেও বাহিনীর সদস্যরা সাহসিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা, সুচিকিৎসা, কল্যাণ ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করাকে বাহিনী তার প্রাতিষ্ঠানিক দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.