কোটা সংস্কার আন্দোলন ও দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ একমাস বন্ধ থাকার পর আজ (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
স্কুল-কলেজ ও মাদরাসা গত ৭ আগস্ট থেকে খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। নিরাপত্তা শঙ্কায় অনেকে সন্তানকে স্কুলে পাঠাননি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর স্কুল ও কলেজগুলোর ফটকে কড়াকড়ি আরোপ করেছে প্রতিষ্ঠানগুলো। শিক্ষার্থী ও ঘনিষ্ঠ অভিভাবক ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এর আগে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। একই রাতে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে আর ক্লাস হয়নি। গত ৭ আগস্ট থেকে স্কুল-কলেজ চালুর নির্দেশনা দেয় সেনাবাহিনী। তারপরও পুরোদমে শুরু হয়নি ক্লাস।
পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় গত ১৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে জরুরি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে পুরোদমে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়।