কুমিল্লার চান্দিনা উপজেলার অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের বেদখল হওয়া জমি ফিরে পেতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আজ (১৮ আগস্ট) সকালে উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে অবস্থিত ওই বিদ্যালয়ের সামনের মাঠে ও বাজারে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী পৃথক মানববন্ধন করে তারা। পরে অম্বরপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। দখলদারদের বিচার চাই, স্কুলের জায়গায় ফেরত চাই সহ বিভিন্ন শ্লোগান দেয় তারা। এসময় চার শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন- ‘১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ওই সময় এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন বিদ্যালয়কে প্রায় ১১একর সম্পত্তি দান করে। আওয়ামী লীগ সরকারের আমলে কিছু কুচক্রী মহল জাল দলিল তৈরী করে স্কুলের অধিকাংশ জায়গা জবর দখল করে। এবিষয়ে আদালতে মামলা করলে দীর্ঘ বছর মামলা পরিচালনার পর বিদ্যালয়ের পক্ষে রায় দেয় আদালত। রায় অমান্য করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিদ্যালয়টির প্রায় ১শত ৭৭ শতাংশ জমি জবর দখল করে নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ বাঁধা দিলে দুষ্কৃতকারীরা শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদেরকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়।
মানববন্ধনে বক্তৃতা করেন- অম্বরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজিং কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, শিক্ষার্থী সাব্বির আহমেদ, মো. ইয়ামিন, মারিয়া আক্তার, তাহমিনা আক্তার, মোসা. সামিয়া ইসলাম প্রমুখ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন- গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ওই দলের কিছু ক্যাডার জায়গাগুলো দখল করেছিল। আমাদের স্কুলে আর্থিক সমস্যা আছে। এখানে স্কুলের আওতায় দোকান পাট ও মার্কেট নির্মাণ হলে আর্থিক শঙ্কট দূর হবে।