× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 'আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৪' উৎযাপন

ডেস্ক রিপোর্ট

২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯ পিএম । আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ আল মুদাসসীর চৌধুরী পূর্ববর্তী শাসনামলে আইন, নির্বাহী, এবং বিচার বিভাগীয় শাখার মধ্যে যে প্রাতিষ্ঠানিক অবক্ষয় হয়, তা রূপান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দেন। একইসাথে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসনের প্রতি আস্থা পুনর্গঠন করা জরুরী। এই বক্তৃতায় তিনি আরও বলেন, “রাজনৈতিক উত্তরণ এবং সম্ভাব্য সংকট মোকাবেলার জন্য আমাদের একটি সুস্পষ্ট রোডম্যাপের অভাব রয়েছে। সরকারী পরিবর্তনের জন্য স্বচ্ছ পথ প্রতিষ্ঠা করা স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এর সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত “আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৪” উদযাপন করে ছাত্রদের একটি গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। এই বছরের জাতিসংঘের থিম “শান্তির সংস্কৃতি গড়ে তোলা”র সাথে সামঞ্জস্য রেখে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সক্রিয়ভাবে অংশ নেয়া সাংস্কৃতিক কর্মী প্রাপ্তি তাপসী তার বক্তৃতায় বলেন, “যদিও "শান্তি" একটি বিস্তৃত শব্দ, তবে বিভিন্ন মানুষের ক্ষেত্রে এর সংজ্ঞা এবং গ্রহণযোগ্যতা পরিস্থিতি এবং দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই সর্বজনবিদিত শান্তি গড়ে তোলার জন্য এই ভিন্ন দৃষ্টিভঙ্গিগুলোকে স্বীকার করা প্রয়োজন।”তার বক্তৃতায় তিনি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সত্যিকারের নিরপেক্ষ নির্বাচনের অনুপস্থিতির ইঙ্গিত দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতে এ লড়াই ছিল কোনো নির্দিষ্ট দলের পুনর্বাসনের জন্য নয়, বরং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

শান্তি অর্জনের জন্য আন্তঃবিষয়ক দ্বন্দ্বের মোকাবেলায় গুরুত্ব দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আফিয়া জান্নাত অনন্যা বলেন, “শান্তি প্রতিষ্ঠা সবকিছুর উপরে। আমরা যদি আসলেই মানুষ হয়ে থাকি, তাহলে আমাদের শিক্ষাব্যবস্থায় এমন কী ভুল হচ্ছে যার কারনে আমরা মানসিকভাবে হিংস্র হয়ে উঠছি?” তিনি সংস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মতো প্রতিষ্ঠানের একচেটিতা আধিপত্যের মোকাবেলা এবং দেশের সামগ্রিক পরিবর্তনের আহ্বান জানান। আফিয়া জান্নাত অনন্যা নৈতিক সংকটের সময়ে সম্মিলিতিভাবে আওয়াজ তোলার গুরুত্ব তুলে ধরেন। তার মতে দেশের শিক্ষানীতিতে যথেষ্ট সংস্কারের প্রয়োজন, কারণ এই খাত আমরা যে ধরনের সমাজ তৈরিতে ইচ্ছুক তা প্রতিফলিত করে। আফিয়া দেশের শিক্ষানীতির এই ব্যর্থতাকে ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যার সাথে সম্পর্কিত করে এই দুটি বিষয় একে অপরের সাথে জড়িত কিনা এই প্রশ্ন তুলেছেন।

গোলটেবিল আয়োজনের মডারেটর এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মিস পারিসা শাকুর প্রথমেই অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান। তিনি তার সূচনা বক্তব্যে উল্লেখ করেন যে, সংঘাতপূর্ণ এই বিশ্বে শান্তি এখন সবচেয়ে মূল্যবান সম্পদ। এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং অনুষ্ঠানের অন্যতম আলোচক ড. এম জসীম উদ্দিন গবেষণা, সংলাপ এবং সম্প্রদায়ের সম্মিলিত সম্পৃক্ততার মাধ্যমে শান্তি এবং কূটনীতি প্রচারে সিপিএসের ভূমিকা তুলে ধরেন। তিনি তার বক্তব্যে আমাদের সমাজে রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তার বিস্তারিত বর্ণনা করেছেন। একটি কঠিন প্রক্রিয়া হলেও, তিনি আশা করেন একদিন আমাদের সমাজে এর প্রতিষ্ঠা হবে। তিনি আমাদের সমাজে সবার অধিকার নিশ্চিত করে ন্যায়বিচার নিশ্চিত করার ইঙ্গিত দেন। নিজেদের স্বার্থ প্রতিষ্ঠায় আমরা অন্যের ক্ষতি করে ফেলছি কিনা তার দিকে তিনি গুরুত্ব দিতে বলেন।  তিনি আমাদের দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় জেনজির ভূমিকা তুলে ধরেন। তিনি আরো বলেন, জুলাই ২০২৪ এর বিপ্লবে তারা আমাদের অনুপ্রাণিত করে চলেছেন। এছাড়া ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে তাদের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে নিরঙ্কুশ ক্ষমতা শুধুমাত্র দেশকে দুর্নীতির দিকেই নিয়ে যায় না, সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফ আদনান বলেন, “আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জরুরি মনোযোগ প্রয়োজন। বর্তমানে ডাক্তার-রোগী এবং হাস্পাতালের শয্যা-রোগীর যে অনুপাত রয়েছে তা আশঙ্কাজনকভাবে অপর্যাপ্ত। স্বাস্থ্যসেবা সংস্কারের নীলনকশা ও বাস্তবায়নের সময় আমাদের অবশ্যই সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে, যারা আমাদের আন্দোলনে অসাধারণ ভূমিকা পালন করেছেন”। অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ প্রশ্নোত্তর পর্বে প্রধান বিষয়গুলির মধ্যে অন্যতম ছিল জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকাকে স্বীকৃতি দেওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য সিপিএস এবং এসআইপিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “শান্তি অর্জনের জন্য আমাদের পূর্ব নির্ধারিত তর্ক-বিতর্কের বাইরে যেয়ে আমরা সমাজে যে প্রতিবন্ধকতা তৈরি করেছি তা ভেঙে ফেলতে হবে। আমাদের তরুণ প্রজন্ম এই দেয়ালগুলো ভেঙে ফেলার যে আগ্রহ দেখিয়েছে তা আমাদের জাতির জন্য একটি সত্যিকারের বিপ্লব হিসেবে চিহ্নিত করা যেতে পারে। আসুন আমরা এমন একটি ভবিষ্যতের জন্য চেষ্টা করি যেখানে সহানুভূতি এবং বোঝাপড়ার মাধ্যমে শান্তির একটি স্থায়ী সংস্কৃতি গড়ে তোলা হবে।”

এই গোলটেবিল আলোচনার করার পাশাপাশি সিপিএস একটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে যার মধ্যে একটি শান্তি র্যালি, পায়রা অবমুক্তকরণ কর্মসূচি, বৃক্ষ রোপন এবং চলচ্চিত্র প্রদর্শন অন্তর্ভুক্ত ছিল। শান্তির সর্বজনীন প্রতীক পায়রার প্রতীকী মুক্তি, সংঘাতমুক্ত বিরোধ নিষ্পত্তির ওপর জোর দেয়। উপাচার্যের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় এনএসইউ এর প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্ব প্রতিষ্ঠার প্রতিনিধিত্ব করেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও কর্মকর্তারা এই দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শান্তি, স্থায়িত্ব এবং কূটনীতির প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন। শান্তি দিবস আয়োজনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনার সমন্বয়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিপিএসের সমন্বয়ক ড. আব্দুল ওহাব। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.