জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের হল প্রভোস্ট ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শারমিন।
আজ (২৭ অক্টোবর) রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. সাবিনা শারমিনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনের আরও বলা হয়েছে, ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এছাড়াও তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, 'দায়িত্ব পাওয়া যেমন আনন্দের পাশাপাশি চ্যালেঞ্জও রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে চাই। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।'