জবি প্রশাসনকে রূপরেখা দেখিয়ে দ্রুত ২য় ক্যাম্পাস বাস্তবায়নের দাবীতে সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা ৩টি দাবী দিয়েছে।
শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি হলো:
১. স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ০৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দ্বায়িত্ব অর্পণ করতে হবে।
২. শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে।
৩. অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সকল চুক্তি বাতিল করতে হবে।
আজ সোমবার (০৪ নভেম্বর) দুপুর ১২ টায় তাঁতিবাজার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১.৩০ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টোরিয়া পার্ক হয়ে রায়সাহেব বাজার হয়ে তাঁতিবাজারে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা ‘দ্বিতীয় ক্যাম্পাস আবাসন, কবে দিবা প্রশাসন?’, ‘প্রয়োজনে রক্ত নাও, তবুও মোদের হল দাও’, ‘প্রশাসনিক মূলা চাষ, আর্মি চাইলে সর্বনাশ’, ‘আর্মির হাতে দাও কাজ, যদি থাকে হায়া-লাজ’—এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে।