ইতালিতে বাংলাদেশের অভিনেত্রী ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুল হামিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবের মতো একটি আন্তর্জাতিক ও মর্যাদাপূর্ণ আয়োজনে দেশের বিশিষ্ট অভিনেত্রী এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সাহসী কণ্ঠ আজমেরী হক বাঁধনের ওপর ফ্যাসিবাদের দোসরদের বর্বরোচিত হামলার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। সংগঠনটি এ ঘটনাকে নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গণঅভ্যুত্থানের পরাজিত ও বিতাড়িত শক্তির সংঘবদ্ধ আক্রোশের নগ্ন বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে রাবি ছাত্র ফেডারেশনের আহ্বায়ক তাসনুভা আমিন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হলেও এর সুবিধাভোগীরা বর্তমানে বিদেশে অবস্থান করে ষড়যন্ত্র চালাচ্ছে। জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো একজন শিল্পীর ওপর বিদেশের মাটিতে হামলা পরাজিত শক্তির দেউলিয়াত্ব ও প্রতিহিংসা পরায়ণতার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিদেশের মাটিতে দেশের একজন বরেণ্য নাগরিকের ওপর এ ধরনের আঘাত বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতার আত্মমর্যাদার ওপরও সরাসরি আঘাত। এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও ইতালীয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে সংগঠনটির সদস্য সচিব ওয়াজেদ শিশির বলেন, ফ্যাসিবাদ যখন তার রাজনৈতিক ও আদর্শিক মৃত্যু প্রত্যক্ষ করেছে, তখন তারা চোরাগোপ্তা ও কাপুরুষোচিত সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বাঁধনের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং শিল্প, মুক্তচিন্তা ও নতুন করে পাওয়া স্বাধীনতার আকাঙ্ক্ষার ওপর ফ্যাসিবাদী অপশক্তির আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে জায়গা হারিয়ে ফ্যাসিবাদীরা এখন বিদেশে বসে ভয়ের রাজত্ব কায়েম করতে চাইছে। এ অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কঠোর ও দৃশ্যমান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বিদেশে অবস্থানরত ফ্যাসিবাদী সমর্থকদের সামাজিকভাবে বয়কট ও প্রতিহত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিল্পী ও নাগরিকদের নিরাপদ পদচারণা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের জোর দাবি জানায়।